রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর “সি” ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে “সি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৮৮.৫৫%।

ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় সভা করেন। পরীক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি।

এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২৪টি বিশ্ববিদ্যালয়ের “সি” ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২৩টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে, ২৭ এপ্রিল “এ” ইউনিট এবং ৩ মে “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।