রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিট (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট চারটি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভেন্যুগুলো হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১)।
এ-ইউনিটে মোট ৫ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯১ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৭৯.৩৪ শতাংশ।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও ক্লাবের সদস্যরা কাজ করেন। পাশাপাশি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য কেন্দ্রের পাশে বসার ব্যবস্থাও করা হয়।
নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যুৎ বিভাগসহ স্থানীয় জনগণের সহযোগিতার জন্যও তিনি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ মার্চ ‘সি-ইউনিট’ এবং ৩ এপ্রিল ‘বি-ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।



