Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু শনিবার, প্রস্তুতি সম্পন্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে তিন ধাপের এই ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ বৃহস্পতিবার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার প্রস্তুতির তথ্য তুলে ধরে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা ভর্তি পরীক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে। সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা আয়োজনের প্রস্তুতির বিস্তারিত তথ্য তুলে ধরে।

পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, র‌্যাবের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা পরিচালক ড. নাজমুল হোসেন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী, নিরাপত্তা দপ্তরের প্রধান হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর “এ” ইউনিটে ৬৭৫, “বি” ইউনিটে ১৩৫ এবং “সি” ইউনিটে ১১০টি আসন মোট ৯২০ আসনে পাঁচটি অনুষদের আওতায় ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

“এ”  ইউনিটের পরীক্ষা ১৭ এপ্রিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা জেলা স্কুল ও টিটার্স ট্রেনিং কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। “বি” ইউনিটের পরীক্ষা আগামী ৩ মে ও “সি” ইউনিটের পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা শুধুমাত্র পাবিপ্রবি ক্যাম্পাস কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার আগের দিন থেকে শহরের ফটোকপি মেশিন বন্ধ থাকবে। সে লক্ষ্যে জেলা তথ্য অফিস মাইকিং করবে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। ছাত্রাবাসগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে  যাওয়া যাবে না। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। নিরবিছিন্ন বিদ্যুৎ থাকবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নারী ও পুরুষ পুলিশ, আনসার সদস্য ছাড়াও রোভার স্কাউট সদস্যরা থাকবে। বৈরি আবহাওয়ার কারণে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে।

এছাড়া লেভেল (বোতলের গায়ে নাম সম্বলিত কাগজ) বিহীন পানির বোতল কেন্দ্রে নেওয়া যাবে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পর পর পরীক্ষার সময়ের বিষয়টি উল্লেখ করবেন। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম থাকবে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, “বিগত দিনের মত এবারও পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সঙ্গে জড়িত সব মহল সর্বোপরি পাবনাবাসী সর্বাত্বক সহযোগিতা করছেন। আমি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই।”

   

About

Popular Links

x