পল্লী বিদ্যুতের কর্মবিরতি পালনরতদের সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করছেন।

তবে কর্মবিরতি পালনরতদের সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের পরিচালক মো. শফিকুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মবিরতের ফলে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম এবং গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। কর্মসূচি পালনের নামে অনেকে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। এ অবস্থায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সম্পৃত্ত কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, অফিস শৃঙ্খলা পরিপন্থি, ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রেখে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

কর্মকর্তা-কর্মচারীরাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ সচেতন এবং আগামী ৫ জুলাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা। যদিও তারা বলছে, গ্রাহকসেবা অব্যাহত রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। তাদের দাবি হচ্ছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা।

সোমবার (১ জুলাই) সকাল থেকে দেশের সবগুলো সমিতিতে একযোগে কর্মবিরতি পালন হচ্ছে। অনির্দিষ্টকালের এ কর্মবিরতির কারনে সারাদেশে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।