পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী, চাইল্যাতলী, রাঙাপানি ও বগাচত্ত্বরে ২০ জনের একটি হাতি সুরক্ষা দল (ইমার্জেন্সি রেসপন্স টিম) গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই সদস্যদের জন্য “মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন কৌশল” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বন বিভাগ এবং আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা শেষে ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) সদস্যদের মাঝে সার্টিফিকেট ও টর্চলাইট বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “গত দুই বছরে এই এলাকায় কোনো হাতির মৃত্যু না হওয়ায় বন বিভাগ প্রশংসা কুড়িয়েছে। বরং এই সময়ে হাতির দলে যুক্ত হয়েছে দুটি বাচ্চা হাতি। যদিও এলাকায় মানুষের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তথাপি এখানকার জনগণ তা উদার চিত্তে মেনে নিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।”
বর্তমানে তিনটি ইআরটি দলে মোট ৪৬ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সদস্য কাজ করছেন জানিয়ে তিনি বলেন, “এই উদ্যোগের অংশ হতে পেরে, একজন কর্মকর্তা হিসেবে আমি গর্বিত। এই মাসের পর আমি এখানে থাকব না, কিন্তু আমার বিশ্বাস এই ইআরটি সদস্যরা সবসময় মানুষের ও হাতির পাশে থাকবেন ইনশাল্লাহ।”
এই প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম ভবিষ্যতে মানুষ-প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করছে বনবিভাগ।