কিডনি ভালো রাখতে সহায়ক যেসব পানীয়

কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিদিন দেহে প্রবেশ করা দূষিত উপাদান ছেঁকে শরীরকে সুস্থ রাখে। তাই কিডনিকে সুস্থ রাখা মানেই সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখা। এজন্য প্রয়োজন সঠিক জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার খাওয়া এবং নিয়মিত পানিপান। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট পানীয়ও কিডনিকে পরিষ্কার ও সুস্থ রাখতে সাহায্য করতে পারে।

১. কলার গাছের থোড়ের রস

ভারতের তারকা পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো জানান, প্রতিদিন সকালে খালি পেটে প্রায় ১০০ মিলিলিটার থোড়ের রস খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি এটি মূত্রনালি পরিচ্ছন্ন রাখতে কার্যকর। তবে হঠাৎ শুরু না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

২. আদা-হলুদের চা

কিডনি ডিটক্স করার জন্য আদা-হলুদের চা অনন্য। আদায় রয়েছে প্রদাহনাশক উপাদান, আর হলুদে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ আদা-হলুদের চা কিডনিকে প্রদাহ থেকে রক্ষা করার পাশাপাশি শরীরকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সহায়তা করে।

৩. লেবু-শসা-ধনেপাতার পানীয়

কিডনি সুস্থ রাখতে ধনেপাতা, লেবু এবং শসার ডিটক্স ওয়াটার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আধ আঁটি ধনেপাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে তাতে লেবুর রস ও কুচানো শসা মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করলে কিডনির কার্যক্ষমতা ভালো থাকে।

অন্যান্য উপকারী চা

গবেষণায় দেখা গেছে, গ্রিন টি, সাধারণ লাল চা, হাইড্রানজিয়া টি এবং সামবং চা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী। ২০২৩ সালে ব্রিটেনের বায়োবাঙ্ক ও করোনারি আর্টারি রিস্ক ডেভেলপমেন্টের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

কিডনির সুস্থতা বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পাশাপাশি এই পানীয়গুলো নিয়মিত অন্তর্ভুক্ত করলে শরীরের "ছাঁকনি" অঙ্গটি আরও দীর্ঘদিন সুস্থ থাকতে পারে।