চীনে পাওয়া 'ডাইনোসরের ডিম' গিনেস রেকর্ডে

চীনের গবেষকদের আবিষ্কৃত ২৯.৯৩ মিলিমিটারের ডিম এখন বিশ্বের ক্ষুদ্রতম ডাইনোসরের ডিম হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) চীনা গণমাধ্যম সিনহুয়া তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আট কোটি বছর আগের লেট ক্রিটেসিয়াস যুগের এই বিরল জীবাশ্মটি নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। দীর্ঘ তিন বছরের নিরলস এবং জটিল গবেষণার পর বিজ্ঞানীরা এই জীবাশ্মটিকে নতুন একটি প্রজাতি হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

জিয়াংসি ভূতাত্ত্বিক জরিপ ইনস্টিটিউট এবং চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস উহানের গবেষকরা এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। গবেষক দলটি এই বিশেষ প্রজাতির নাম দিয়েছে 'মিনিওলিথাস গাঞ্জোহুয়েনসিস'।

জীবাশ্মটি যে ডাইনোসরের ডিম সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য গবেষকরা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপির মতো অত্যন্ত উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছেন গবেষকরা। এই যন্ত্রের মাধ্যমে ডিমের খোসার ভেতরের অতি ক্ষুদ্র গঠন বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে এটি থেরোপড গোত্রের উড়তে অক্ষম ডাইনোসরের ডিম।

এই আবিষ্কারের বিস্তারিত ফলাফল গত বছরের অক্টোবর মাসে 'হিস্টোরিক্যাল বায়োলজি' নামক আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নতুন আবিষ্কৃত এই ডিমটির আকার অত্যন্ত ছোট হওয়ায় বিজ্ঞানীদের কাছে এটি বিশেষ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে, জাপানে আবিষ্কৃত ৪৫ মিলিমিটারের ডিমটি বিশ্বের ক্ষুদ্রতম ডাইনোসরের ডিম হিসেবে মর্যাদা পেয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিয়ে চীনের এই ২৯.৯৩ মিলিমিটারের ডিমটি এখন শীর্ষস্থান দখল করেছে। গবেষক দলের মতে, এই আবিষ্কারটি ক্রিটেসিয়াস যুগের ডাইনোসরদের প্রজনন অভ্যাস এবং তাদের জীবনযাত্রার ধরন সম্পর্কে আরও গভীর গবেষণার পথ খুলে দেবে।