বেশকিছু দিন ধরেই দেশে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় কোথাও কোথাও একেবারেই চুলা জ্বলছে না। আবার কোথাও কোথাও কোনোমতে একটু চুলা জ্বলছে। ফলে যাদের ঘরে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা নেই, তারা পড়েছেন চরম বিপাকে।
তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। চলুন জেনে নেই, গ্যাস ছাড়াও সহজে রান্নার কিছু বিকল্প উপায়।
রাইস কুকার
রাইস কুকার মূলত একটি মাল্টি কুকার। গ্যাস না থাকলেও এতে ডিম সেদ্ধ, স্যুপ বানানো, নুডলস রান্না কিংবা সবজি ও মাছ ভাপানো সম্ভব। আর একসঙ্গে সব মশলা মেখে বসিয়ে দিলে এতে সহজেই বিরিয়ানি বা খিচুড়ি রান্না সম্ভব।
ইন্ডাকশন চুলা
ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলা সহজেই হতে পারে গ্যাসের চুলার বিকল্প। বিশেষ করে ইন্ডাকশন কুকার ২৫-৫০% দ্রুত সময়ে রান্না সম্পন্ন পারে। এটি সরাসরি পাতিলের তলায় তাপ দেয় বলে খাবার দ্রুত সেদ্ধ হয়। সবচেয়ে বড় কথা এতে আগুনের ঝুঁকিও কম। তাই শুধু গ্যাসের সংকটেই নয়, বাড়িতে ছোট শিশু থাকলে এতে রান্না করা দারুণ নিরাপদ। যদিও ইন্ডাকশন চুলার জন্য ম্যাগনেটিক বা ধাতব তলাযুক্ত পাত্র ব্যবহার করা আবশ্যক।
এয়ার ফ্রায়ার
ইদানীং রাঁধুনীদের বেশ পছন্দের বিষয় হয়ে উঠেছে এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ারে তেল ছাড়াই মাছ-মাংস ভাজা বা সবজি রোস্ট করা যায়। ওভেনে চিকেন রোস্ট, বিস্কুট কিংবা পাউরুটি, সবই তৈরি করা সম্ভব। একে তো গাদা গাদা তেল খরচেরও ভয় নেই, এরপর তেলের ছিট এসে
গায়ে লাগার ভয় নেই। ফলে এটিও যেসব বাড়িতে শিশু আছে, তাদের জন্য খুবই উপকারী।
মাইক্রোওয়েভ ওভেন
আজকাল বেশিরভাগ ওভেনেই রান্নার সুযোগ থাকে। গ্যাসের বদলে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করেও সবজি সেদ্ধ, ডিম পোচ কিংবা খাবার গরম করা যায় খুব দ্রুত।
বৈদ্যুতিক সংযোগ ত্রুটিপূর্ণ কিনা, সময়মতো সুইচ অফ হচ্ছে কিনা ইলেকট্রিক যন্ত্র ব্যবহারে এসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।