গ্যাসের সংকটে রান্নাঘরে এই ভুলগুলো করছেন না তো

দেশজুড়ে গ্যাস সংকটে অনেক পরিবারই বিকল্প উপায়ে রান্নার চেষ্টা করছে। তবে এ সময় অসতর্কতা বা ভুল সিদ্ধান্ত শুধু রান্নার কাজে বিঘ্ন ঘটায় না, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করতে পারে। তাই গ্যাসের সংকটের সময় কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি।

গ্যাসের চুলায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করবেন না

পাইপলাইনের সব গ্যাসের চুলা দেখতে একই রকম হলেও সব ধরনের গ্যাসের জন্য উপযোগী নয়। পাইপলাইনের (সাপ্লাই) গ্যাস ব্যবহারের জন্য তৈরি চুলায় এলপিজি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। কারণ, দুই ধরনের গ্যাসের চাপ ও সরবরাহ পদ্ধতিতে পার্থক্য রয়েছে।

এই কারণে প্রতিটি চুলার বার্নারের ছিদ্রের আকারও ভিন্নভাবে তৈরি করা হয়। তাই যে চুলা যে ধরনের গ্যাসের জন্য তৈরি, সেটিই ব্যবহার করা উচিত।

প্রয়োজনের অতিরিক্ত সিলিন্ডার ঘরে রাখবেন না

গ্যাসের সংকট দেখা দিলে অনেকেই একাধিক সিলিন্ডার কিনে ঘরে মজুত করে রাখেন। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সিলিন্ডার সংরক্ষণ করলে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যায়। নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

চুলার নব দীর্ঘ সময় অন রাখবেন না

গ্যাস না থাকলে অনেকেই চুলার নব খোলা রেখে অপেক্ষা করেন অথবা বারবার অন-অফ করেন। কিন্তু লাইনে অল্প পরিমাণ গ্যাস এলেও তা রান্নাঘরে জমে যেতে পারে। পরে আগুন বা স্পার্কের সংস্পর্শে এলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গ্যাস না থাকলে নব বন্ধ রাখাই নিরাপদ।

হলুদ বা কমলা শিখায় রান্না করা ঠিক নয়

গ্যাসের চাপ কম থাকলে অনেক সময় নীল শিখার বদলে হলুদ বা কমলা রঙের শিখা দেখা যায়। এটি সাধারণত অপর্যাপ্ত দহন, বাতাস ও গ্যাসের ভারসাম্যহীনতা বা বার্নারে ময়লা জমার ইঙ্গিত দেয়। এ ধরনের দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই শিখা স্বাভাবিক নীল না হলে রান্না বন্ধ রেখে সমস্যার কারণ শনাক্ত করা উচিত।

একসঙ্গে সব চুলা জ্বালানোর চেষ্টা করবেন না

গ্যাসের চাপ কম থাকলে একাধিক বার্নার একসঙ্গে চালালে প্রতিটি চুলার শিখা আরও দুর্বল হয়ে যায়। এতে সময় বাঁচার বদলে রান্না শেষ হতে আরও বেশি সময় লাগে। এমন পরিস্থিতিতে একটি বার্নারে পর্যায়ক্রমে রান্না করাই বেশি কার্যকর।

নিরাপত্তার নিয়ম অবহেলা করবেন না

গ্যাসের চুলা ব্যবহারের সময় রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। দরজা-জানালা খুলে রাখা এবং প্রয়োজনে এগজোস্ট ফ্যান চালু রাখা ভালো। গ্যাস লিকেজের সন্দেহ হলে কোনো বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা যাবে না। একইসঙ্গে লিকেজ পরীক্ষা করতে কখনোই আগুন ব্যবহার করা উচিত নয়। এছাড়া সিলিন্ডার বহন করার সময় সেটিকে গড়িয়ে নেওয়া থেকে বিরত থাকুন। সিলিন্ডার সব সময় সোজা ও উল্লম্ব অবস্থায় রাখতে হবে।

জ্বালানি সাশ্রয়ের কৌশল কাজে লাগান

গ্যাসের সংকটের সময় কিছু সহজ অভ্যাস জ্বালানির ব্যবহার কমাতে সাহায্য করে।

  • রান্নার পাত্র ও বার্নার পরিষ্কার রাখলে তাপের অপচয় কম হয়।
  • খাবার মাঝারি বা ছোট আকারে কেটে রান্না করলে দ্রুত সিদ্ধ হয়। রান্নার সময় ঢাকনা ব্যবহার করলে তাপ ধরে রাখা যায় এবং জ্বালানি কম লাগে।
  • সম্ভব হলে প্রেশার কুকার বা স্টিম কুকার ব্যবহার করুন। এতে কম সময়ে একাধিক খাবার রান্না করা যায় এবং গ্যাসের ব্যবহারও কম হয়। আর গ্যাসের বিকল্প কোনো জ্বালানি ব্যবহার করলে অবশ্যই তার নিরাপদ ব্যবহারবিধি আগে জেনে নিন।
  • গ্যাসের সংকট সাময়িক হলেও অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সামান্য কিছু নিরাপত্তাবিধি মেনে চললে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, তেমনি সীমিত গ্যাসও আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।