তোমার চুলের ঘ্রাণ

তোমার চুলের ঘ্রাণেই কেবল 
যে কবি মিইয়ে যেত মিহিদানার মতো;
ঠিক যেমন প্রভুভক্ত কুকুরেরা কুইকুই শব্দ তুলে 
প্রিয় মনিবের নিবিড় আদরে।

তোমার সুশ্রী নাম উচ্চারিত হলেই
হৃদয়জুড়ে যার বাসন্তী আবহ খেলে যায়,
চৈত্রের দাবদাহে হৃৎস্পন্দনজুড়ে ভাসে জলছাপ।

তাকে তুমি রেখেছো বিরহকাতরে।
তোমার দহনের জ্বালা থেকে নিবারিত করে 
কতকাল বঞ্চিত করবে এই অনন্ত ঘোরলাগা,
উন্মাদ, অবিমৃষ্য-সমস্ত সুখানুভূতি থেকে?