যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেয়েছেন এক বাংলাদেশি।
শনিবার (৩ অক্টোবর) এফবিআইয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম থাকা ওই ব্যক্তির নাম, জাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে নারী রোগীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ থাকায় তাকে খুঁজছে সংস্থাটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই ব্যক্তির জন্মতারিখ আনুমানিক ১৯৫৫ সালের ১ অক্টোবর। তার জাতীয়তা বাংলাদেশি।
এফবিআইয়ের দেওয়া শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড। তার চুল কালো, চোখ বাদামি এবং তিনি চশমা ব্যবহার করতে পারেন।
তার বিরুদ্ধে এফবিআইয়ের অভিযোগ, ১৯৯৬ সালের ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে এক নারী রোগীকে চিকিৎসা দেওয়ার সময় ওষুধ প্রয়োগে অচেতন করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।
এ ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান জাহিদুল।
পরে ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালত তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তাকে খুঁজছে এফবিআই।