যুক্তরাষ্ট্রের ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’-এ আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগে আবেদনের শেষ সময় ছিল ৩ অক্টোবর ২০২৬। এখন আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণা ও শিক্ষকতার সুযোগ দেওয়া হবে। ১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
যারা আবেদন করতে পারবেন
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা বা শিক্ষকতার প্রস্তাবনা রয়েছে - এমন প্রার্থীদের এ কর্মসূচির জন্য আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পেশাগতভাবে কাজ করার জন্য প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আগামী ২০২৭ সালের সেপ্টেম্বরে এ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হবে।
শিক্ষা-সম্পর্কিত বিস্তৃত বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক।
এছাড়া প্রতিষ্ঠান বা কার্যক্রম উন্নয়নের চাহিদা নিরূপণ ও গবেষণা, মাধ্যমিক-পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নয়ন নিয়ে প্রশাসক বা প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং একাডেমিক পাঠ্যক্রম বা শিক্ষা উপকরণ প্রণয়ন ও মূল্যায়নে আগ্রহী শিক্ষকদের জন্য কিছু স্বল্পমেয়াদি অনুদানের ব্যবস্থাও রয়েছে। এসব ক্ষেত্রে পেশাদারি কাজের জন্য প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
যেসব সুবিধা পাওয়া যাবে
ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় নির্বাচিতরা পাবেন -
- ফিরতি বিমানসহ যাতায়াত ভাড়া
- শিক্ষাদান ও সংশ্লিষ্ট একাডেমিক ফি
- কক্ষ, আবাসন ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহে মাসিক বৃত্তি
- বইপত্র কেনার ভাতা
- স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা
- ভ্রমণভাতা ও অতিরিক্ত মালপত্রের ভাতা
দুই শতাধিক বাংলাদেশি অংশ নিয়েছেন
গত ৫২ বছরে দুই শতাধিক বাংলাদেশি এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন। ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের সাবেক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন পেশাজীবীরা রয়েছেন।
বিশিষ্ট বাংলাদেশি সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
যেভাবে আবেদন
অনলাইন আবেদন ফরম লিংকে পাওয়া যাবে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬। ওই দিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে।
আরও তথ্যের জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করা যাবে।
অনলাইন আবেদন, আবেদনের পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা: মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের বিজ্ঞপ্তি দেখুন।



