‘বুসান এশিয়ান ফিল্ম স্কুলে’ বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা ও আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের সঙ্গে পরিচিতির মাধ্যমে চলচ্চিত্রশিল্পে নিজেদের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ‘বুসান এশিয়ান ফিল্ম স্কুল’।

এই স্কুলের অধীন পরিচালিত ইন্টারন্যাশনাল ফিল্ম বিজনেস একাডেমিতে ২০২৭ শিক্ষাবর্ষের প্রডিউসিং ট্র্যাকে ভর্তির জন্য যোগ্য ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

চলচ্চিত্র প্রযোজনা ও আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যবসার কলাকৌশল রপ্ত করার জন্য এটি এশিয়ার অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম। ভর্তির আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি এবং বিশ্বমানের প্রোডাকশন কৌশল শেখার ক্ষেত্রে এই সাত মাসের আবাসিক কোর্সটি এক অসাধারণ প্ল্যাটফর্ম। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন এবং চমৎকার লার্নিং পরিবেশ একজন তরুণ প্রযোজককে বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে সবচেয়ে বেশি সাহায্য করবে।

কোর্সের তথ্যসমূহ

এই কোর্সের কাঠামোগত সুযোগ-সুবিধা অত্যন্ত আকর্ষণীয় ও পেশাজীবীবান্ধব। আগামী মার্চ থেকে অক্টোবর ২০২৭ পর্যন্ত মোট ৯ মাসব্যাপী এই আবাসিক কোর্সটি পরিচালিত হবে, যার মধ্যে দুটি সেমিস্টার এবং চার সপ্তাহের একটি অবকাশকালীন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৭ সালের এই সেশনে মোট ২০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আবেদনকারীকে অবশ্যই এশিয়ার যেকোনো একটি যোগ্য দেশ বা অঞ্চলের বৈধ পাসপোর্টের অধিকারী হতে হবে। এই কোর্সে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত ডিগ্রি কিংবা বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। সম্পূর্ণ কোর্স এবং একাডেমিক কার্যক্রম ইংরেজিতে পরিচালিত হবে, তাই আবেদনকারীদের ইংরেজিতে দক্ষ ও সাবলীল হওয়া আবশ্যক। আবেদনের সময় নিজের একটি ফিচার ফিল্ম প্রজেক্ট নিয়ে পিচ করতে হয়। ভর্তির পরে সাত মাস এই আইডিয়া নিয়ে কাজ করে পরে তা বিভিন্ন বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে পিচ করার সুযোগ আছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • নির্বাচিত ফেলোদের জন্য সম্পূর্ণ টিউশন ফি সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে মওকুফ করা হয়।
  • নন-কোরিয়ান ফেলোদের জন্য যাতায়াতের সুবিধার্থে বিমান ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • পুরো শিক্ষা কার্যক্রম ও অবকাশকালীন ছুটির সময়জুড়ে শিক্ষার্থীদের জন্য ডরমিটরিতে আবাসনের সুব্যবস্থা করা হয়।
  • নন-কোরিয়ান ফেলোদের জন্য সীমিত কভারেজসহ প্রাইভেট ও পরবর্তী সময়ে ন্যাশনাল হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা বিমার সুবিধা প্রদান করা হয়। তবে ভিসার আবেদন, ব্যাংক সলভেন্সি এবং প্রথম দুই মাসের ভ্রমণ বিমাসংক্রান্ত কিছু নিজস্ব প্রস্তুতি ফেলোদের সম্পন্ন করতে হয়।

ভর্তির তথ্য জানবেন যেভাবে 

ভর্তি ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা বুসান এশিয়ান ফিল্ম স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট (www.afis.ac) অথবা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।