‘অঙ্গ-প্রতিষ্ঠান থেকে ভর্তুকি নিয়ে চলে আলেশা মার্ট’

মালিকানাধীন অন্যান্য লাভজনক অঙ্গ-প্রতিষ্ঠান থেকে ভর্তুকি নিয়ে চলছে ই-কমার্স ভেঞ্চার আলেশা মার্ট। 

রবিবার (১৮ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনজুল আলম শিকদার এ কথা বলেন।

আলিশা মার্টের পরিচালনার ধরণ আলাদা মন্তব্য করে তিনি বলেন, “অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতো একই মনে হলেও আমাদের প্যাটার্ন আলাদা। ক্রেতাদের আকৃষ্ট করতে এবং নিজেদের ব্রান্ড হিসেবে পরিচিত করাতেই ভর্তুকি নিয়েছি আমরা।”

প্রতিষ্ঠানটি জানায়, তাদের ৩২ হাজার পণ্যের মধ্যে থেকে ১৪০ কোটি টাকা মুনাফা হলেও একমাত্র মোটর সাইকেলে ক্ষতি হয়েছে। তাদের দাবি, মোটর সাইকেলে মূল্যছাড় দেওয়ার কারণেই ক্ষতি হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর বরাত দিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির দাবি তারা ক্রেতাদের অর্থের উপর নির্ভরশীল নয়। প্রথমেই তারা ভেন্ডারকে অর্থ পরিশোধ করে থাকে।

মনজুল আলম আরও জানান, গত ছয় মাসে সাড়ে তিন লাখ পণ্য ডেলিভারি করেছেন তারা, অথচ অভিযোগ এসেছে মাত্র ১০ টি।

তিনি জানান, আলেশা হোল্ডিংস-এর ছায়াতলে ১৯টি প্রতিষ্ঠান আছে। যার মধ্যে চলমান ১১টি প্রতিষ্ঠানের চারটিই লাভজনক। বাকি আটটি প্রতিষ্ঠান শীঘ্রই বাজারে আসছে। 

উল্লেখ, চলতি বছরের ২১ জানুয়ারি যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত ছয় মাসে তাদের ১ হাজার ১০০ কোটি টাকা টার্নওভারের বিপরীতে ৩৫০ কোটি টাকা সাবসিডি দিয়েছে। সব কিছু মিলিয়ে আলেশা মার্টের সাবসিডি ২১০ কোটি টাকা।