ফ্যাশন। ছোট একটি শব্দ হলেও ব্যাপকভাবে বিস্তৃত এর পরিসর। বর্তমান বিশ্বে প্রতিটি মানুষই চান তার একটি নিজস্ব স্টাইল ও নিজের ব্যক্তিগত ফ্যাশন থাকুক। আর এই নিজস্বতাকে তুলে ধরতে “বডি মডিফিকেশন” বা শারীরিক পরিবর্তনও করেন অনেকেই। মোটা নাক চিকন করা, মেদহীন শরীর কিংবা কালো রঙ ফর্সা করার মতো কিছু বডি মডিফিকেশন আমাদের কাছে এখন সাধারণ মনে হলেও কপালে শিংয়ের মতো অবয়ব তৈরি করা কিংবা জিহ্বা কেটে সাপের মতো বিভক্ত করে ফেলা এখনও অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে।
তবে, অনেকেরই জিজ্ঞাসা থেকে দ্বি-খণ্ডিত জিহ্বা দিয়ে কীভাবে কোনো খাবারের স্বাদ বোঝা যায়। এবারই তেমনই এক প্রশ্নের উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তরুণী ব্রায়ানা মেরি শিহাদেহ।
ব্রায়ানা অস্ত্রোপচার করে তার জিহ্বাকে কেটে বিভক্ত করেছেন এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেছেন, তিনি একই সময়ে দুটি পৃথক জিনিসের স্বাদ নিতে পারেন।
ইনস্টাগ্রামে ২ লাখ ২৮ হাজার অনুসারী রয়েছে এই ফ্যাশন ভ্লগারের। এক ভিডিও-তে, অনুসারীদের সামনে একই সময়ে কোমল পানীয় স্প্রাইট এবং পানির স্বাদ নিয়ে ব্রায়ানা তার কথা প্রমাণ করে দেখান।
ইতোমধ্যে ২ লাখেরও বেশি “ভিউ” পাওয়া ভিডিও-টির ক্যাপশনে ব্রায়ানা লিখেছেন, আপনি প্রথমে কোন দুটি পানীয়ের স্বাদ নেবেন?”
ভিডিও-তে দেখা যায়, ব্রায়ানা তার সামনে রাখা দুটি গ্লাস থেকে একই সময়ে তার দ্বি-খণ্ডিত বিভক্ত জিহ্বা দিইয়ে দুই ভিন্ন ধরনের পানীয়ের স্বাদ নিচ্ছেন। স্বাদ নেওয়ার পর ব্রায়ানা জানান, এটি আমার মস্তিষ্ককে অদ্ভুত অনুভূতি দিচ্ছে।
ব্রিটিশ ডেন্টাল জার্নাল অনুসারে, জিহ্বা বিভক্ত হওয়ার প্রক্রিয়াটি বিপজ্জনক এবং যারা এটি করে তারা “নিজেদের রক্তক্ষরণ, সংক্রমণ এবং স্নায়ুর ক্ষতির গুরুতর ঝুঁকিতে ফেলছে।”
যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনস-এর ডেন্টাল সার্জারি অনুষদের জুনিয়র ভাইস ডিন সেলিনা মাস্টার বলেন, “ডেন্টাল সার্জন হিসেবে, আমরা এই পদ্ধতিগুলোর কিছু ভয়ঙ্কর পরিণতি দেখেছি। এগুলো মানুষকে রক্তক্ষরণ, সংক্রমণ, নার্ভের ক্ষতি এবং শ্বাস নিতে বা খাবার গিলতে সমস্যা হওয়ার মতো গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।”