ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের কার্গো হোল্ডে (মালামাল রাখার জায়গা) একটি সাপের সন্ধান পাওয়া গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাপটি পাওয়া যায় বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফটের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ভারতের কেরালা রাজ্যের কালিকট থেকে দুবাইয়ে যায়। কালিকট থেকে দুবাইয়ের দূরত্ব প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার।
এনডিটিভি জানায়, বিমানটি দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর মালামাল রাখার স্থানে সাপটি শনাক্ত হয়।
ঘটনার পর দুবাই বিমানবন্দরের ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে নিযুক্ত করা হয়। তারা বিভিন্ন রাসায়নিক থেকে তৈরি করা ধোঁয়া উড়িয়ে উড়োজাহাজটিকে নিরাপদ করার চেষ্টা করেন। এর আগে যাত্রীরা নিরাপদে নেমে আসেন।
এ ঘটনায় এয়ার ইন্ডিয়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।