ঘুম থেকে উঠেই বেড টি-কফি না খেলে যেন অনেকের দিনই শুরু হতে চায় না। আবার অনেকেরই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সকালে চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে। এমনকি কেউ কেউ তো আবার সকালের নাস্তাই করে থাকে চা-কফি খেয়ে! কিন্তু এটি শরীরের জন্য একদম স্বাস্থ্যসম্মত না। কারণ এতে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।
চা কিংবা কফি খেলে আমাদের মনে প্রশান্তি আসে, শরীরের অবসাদ বা ক্লান্তি দূর হয়। আর তাই শরীরের ক্লান্তি কাটাতে এক কাপ গরম চা-কফির কোনো তুলনা হয় না। কিন্তু খালি পেটে চা-কফি খাওয়ার অভ্যাস তৈরি করা একদমই ঠিক না। এ অভ্যাসে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়ে।
পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে যদি ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া হলে পেটে অস্বস্তি বা পেট ফুলে থাকতে পারে। এমনকি দেখা দিতে পারে অ্যাসিডিটির সমস্যাও।
ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি খেলে, মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া সোজা অন্ত্রের মধ্যে চলে যায়। ফলে বিপাকীয় হার বিঘ্নিত হয়।
খালি পেটে চা খেলে এতে থাকা ট্যানিন শরীরে বমি বমি ভাব ও পেটে অস্বস্তি তৈরি করে। আর কফি খেলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়।
সকালে খালি পেটে চা-কফি পান করলে খাবার হজমের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। এতে পেটে এসিডিক ও অ্যালকালাইন পদার্থের ভারসাম্য ব্যাহত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
খালি পেটে চা-কফি খেলে তাতে থাকা চিনি ভেঙে এসিড তৈরি হয়। এতে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। এমনকি এ কারণে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে মাড়ির রোগ জিঞ্জিভাইটিস সৃষ্টি হতে পারে।
ক্যাফেইন শরীরকে চনমনে করে তুললেও খালি পেটে ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে বমি ভাব, মাথা ঘোরা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য অস্বস্তি দেখা দেবে।