রাগ নিয়ন্ত্রণ হোক এই রমজান থেকেই

রমজান আত্মনিয়ন্ত্রণের জন্য একটি সুন্দর সময়। রাগ আমাদের চরিত্রের খুবই সাধারণ একটি বৈশিষ্ট্য। কিন্তু এটি সবসময়ই ক্ষতিকর। এই চারিত্রিক দুর্বলতাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণের জন্য রমজান একটি উপযুক্ত সময়।

জেনে নিন রমজান মাসে আপনার রাগ নিয়ন্ত্রণ করার কয়েকটি উপায়।

সহানুভূতি এবং বোঝাপড়ার অনুশীলন

নিজেকে অন্যের অবস্থানে রাখুন এবং ভাবুন ওই জায়গায় থাকলে আপনি কী করতেন? মনে রাখবেন প্রত্যেক মানুষের নিজস্ব জীবন সংগ্রাম রয়েছে। বিশেষ করে রমজান মাসে সদয় ও ধৈর্যশীল হওয়া জরুরি।

নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন

রাগকে নিয়ন্ত্রণের নানা রকম ব্যায়াম রয়েছে। রাগ কমানোর জন্য দুটি বিশেষ পদ্ধতি হলো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং ধীরে ধীরে পেশী শিথিলের অনুশীলন। দুটি ব্যায়ামই খুব সহজ। সুতরাং, কাজের চাপ বা অনুষ্ঠানে রেগে গেলে খুব সহজেই উত্তেজনা থেকে মুক্তি পেতে পারেন। এ ব্যায়ামগুলো প্রতিনিয়ত অনুশীলন করতে হবে। অনুশীলন করতে করতে রাগ এক সময় নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আপনার কাছেই অবাক লাগবে বিষয়টি।

উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলা

অনেক পরিস্থিতিতে আমাদের মেজাজ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। যথাসম্ভব এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। সংযমের মাস রমজানে এমন পরিস্থিতি এড়িয়ে চলার অভ্যাস করুন। 

রাগ প্রকাশেও সংযত হন

শত চেষ্টার মাঝেও নিজেকে ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। এমন পরিস্থিতে রাগকে সুস্থভাবে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। তবে দমিয়ে রাখার চেষ্টা করা ঠিক নয়। নিজের জন্য লেখালেখি বা পরিস্থিতি বুঝতে সক্ষম এমন বিশ্বস্ত বন্ধু অথবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। বিপরীত পাশের মানুষকে দোষারোপ বা আক্রমণ না করে সম্মানজনক উপায়ে রাগে বহিঃপ্রকাশও গুরুত্বপূর্ণ। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্যদের কথা শোনাও জরুরি। উত্তেজনাকর পরিস্থিতিতে যতটা সম্ভব শান্তভাবে এবং সম্মানের সাথে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন। 

কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তার দিকে নজর দিন

কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তাভাবনায় মনোনিবেশ করা আপনাকে রমজানের সময় রাগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এমন স্মৃতিচারণের চেষ্টা করুন যা আপনার ভেতর কৃতজ্ঞতাবোধের জন্ম দেয়। জীবনে ঘটে যাওয়া ভালো মুহূর্তগুলোর কথা ভাবুন যা আপনাকে জীবনে ইতিবাচক হতে সাহায্য করে।

রমজান মাসে রাগ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা অপরিহার্য। লম্বা শ্বাস নিন, সহানুভূতির অনুশীলন করুন, উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলুন, রাগ হলেও নিয়ন্ত্রিত উপায়ে প্রকাশ করুন এবং কৃতজ্ঞতা ও ইতিবাচক চিন্তাভাবনার দিকে মনোনিবেশ করুন। মনে রাখবেন, রাগ একটি স্বাভাবিক আবেগ। তবে নেতিবাচক পরিণতি এড়াতে এটিকে স্বাস্থ্যকর উপায়ে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ।