করোনাভাইরাস: বিশ্বে আক্রান্ত ২৭ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে

বিশ্বে বিভিন্ন দেশে ওমিক্রন আতঙ্কের মাঝে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাস মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৯৬৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ২০ হাজার ২৩৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি দুই লাখ ৩৩ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন আট লাখ ৩৪৩ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৯৭০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৯৮ লাখ ৯৯ হাজার ১৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে দুই লাখ ৮৬ হাজার ২৩ জন পৌঁছেছে। 

এদিকে, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ তিন হাজার ৬৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৮৮ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ২৯৫ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৪ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার পাঁচজনে পৌঁছেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১.২৯%। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪. ১৫%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৭৭%।