রেস্টুরেন্টের বিল এড়াতে হার্ট অ্যাটাকের ভান, অতঃপর গ্রেপ্তার

রেস্টুরেন্টে খাওয়ার পর বিল মেটাতে না পারলে বিকল্প (পড়ুন শাস্তি) হিসেবে প্লেট বা থালাবাসন ধোয়ার কথা শুনে থাকবেন অনেকেই। কিন্তু কেউ যদি এ শাস্তিও এড়াতে চান, তাহলে কী করা উচিত?

স্পেনের এ ব্যক্তি দারুণ এক ফন্দি এঁটেছিলেন। রেস্টুরেন্টে দামি দামি খাবার খেয়ে বড় অঙ্কের বিল এড়াতে হার্ট অ্যাটাকের ভান ধরতেন। দীর্ঘদিন এভাবেই তিনি বিভিন্ন রেস্টুরেন্টকে ধোঁকা দিয়ে আসছিলেন।

হার্ট অ্যাটাকের ভান ধরে ওই ব্যক্তি অন্তত ২০টি রেস্টুরেন্টকে ধোঁকা দিয়েছেন। কিন্তু প্রবাদ আছে- চোরের দশদিন, গৃহস্থের একদিন। শেষ পর্যন্ত অসদুপায়ের আশ্রয় নিয়ে রেস্টুরেন্টের বিল এড়াতে গিয়ে ধরা পড়তে হলো সেই ব্যক্তিকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডেইলি লাউডের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন রেস্টুরেন্টের বিল এড়িয়ে যাওয়ায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ায় তাকে ঘিরে সতর্কতা জারি করা হয়। অবশেষে গত মাসে স্পেনের ব্লাঙ্কা অঞ্চলের একটি রেস্টুরেন্টে একই কাজ করতে গিয়ে ওই ব্যক্তি ধরা পড়েন।

ওই ব্যক্তি সেই রেস্টুরেন্টের ৩৭ ডলারের খাবার বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন রেস্টুরেন্টের তাকে আটকে খাবারের মূল্য পরিশোধ না হওয়ার কথা জানায়। তখন ওই ব্যক্তি তাদের বলেন, তিনি তার হোটেলের রুম থেকে বিলের টাকা আনতে যাচ্ছিলেন।

কিন্তু রেস্টুরেন্টের কর্মীরা সেই ব্যক্তিকে বের হতে দেননি। একপর্যায় হঠাৎ করেই তিনি হার্ট অ্যাটাকের ভান ধরে অভিনয় শুরু করেন। তখন তিনি রেস্টুরেন্টের কর্মীদের অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধ জানান। কিন্তু তাতে কর্ণপাত না করে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে অন্যান্ড রেস্টুরেন্টে একই কাজ করায় ওই ব্যক্তিকে চিনতে পারে এবং তাকে গ্রেপ্তার করে।

সেই রেস্টুরেন্টের ম্যানেজার এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে বলেন, “ওই ব্যক্তি অভিনয় করছিল। সে মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার ভান ধরেছিল। আমরা তার ছবি আশেপাশের সব রেস্টুরেন্টে পাঠিয়েছি যেন সে আবার এমন প্রতারণার আশ্রয় নিতে না পারে।”