স্ট্রবেরির যত উপকারিতা

একসময় স্ট্রবেরি ফলটি দেখা যেত শুধু টেলিভিশনে। তবে বর্তমান সময়ে বাংলাদেশেও চাষ শুরু হওয়ায় বেশ সহজলভ্য হয়ে উঠছে দারুণ রঙের এই ফলটি। স্ট্রবেরি ফল দেখতে যেমন সুন্দর, তেমনি এর পুষ্টিগুণও যথেষ্ট। স্ট্রবেরির খোসা থেকে বীজ পুরো ফলই গুণাগুণে ভরা। হার্টের অসুখ, স্থূলতার মতো নানা সমস্যাতেই স্ট্রবেরি অন্যতম পথ্য হয়ে উঠতে পারে।

আপনার প্রতিদিনের সালাদে যোগ করতে পারেন এই ফল। এছাড়া এর জুস, জ্যাম, জেলিও বেশ সুস্বাদু। এক ঝলক দেখে নেই স্ট্রবেরির পুষ্টিগুণ।

রোগ প্রতিরোধ ক্ষমতা

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়। এক্ষেত্রে স্ট্রবেরি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ভাইরাস, ব্যাকটেরিয়াদের সঙ্গে লড়তে এই স্ট্রবেরি একাই একশ। এই ফলে ভিটামিন এবং পানি দুটিই বেশি থাকে। যে কারণে গরমের সময়ে এটি বেশ উপকারী। তাই স্ট্রবেরির মৌসুমে এটি পাতে রাখতে ভুলবেন না। আপনার প্রতিদিনের সালাদে যোগ করতে পারেন এই ফল।

রক্তচাপ

রক্তচাপের সমস্যা আজকাল কম বয়সীর মধ্যেও দেখা যাচ্ছে। এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে খাদ্যাভ্যাসও। তাই সঠিক খাদ্যাভ্যাস বেছে নিতে হবে। সেই তালিকায় রাখতে পারেন স্ট্রবেরির নাম। উচ্চ-রক্তচাপ নিয়ন্ত্রণে স্ট্রবেরির বিকল্প নেই। এতে থাকা পটাশিয়াম ও সোডিয়াম এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে। স্ট্রবেরি খেলে পটাশিয়াম শরীরে আসে, যা প্রেশারকে রাখে নিয়ন্ত্রণে।

হার্ট ভালো রাখে

বুকের ভেতর যে মসৃণ পেশি পৌনঃপুনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন করে চলেছে, সেটাই হৃৎপিণ্ড। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এ অঙ্গের যত্ন না নিলেই সর্বনাশ। একটু সচেতন থাকলেই কিন্তু হৃৎপিণ্ড সুস্থ-সবল রাখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, কার্ডিওভ্যাসকুলার ডিজিজ দূরে রাখতে স্ট্রবেরির গুরুত্ব অপরিসীম। খাবারের তালিকায় স্ট্রবেরি রাখলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। যে কারণে হার্ট ভালো রাখা সহজ হয়।

মস্তিষ্কের জন্য উপকারী

গবেষণায় দেখা গেছে, স্ট্রবেরি মস্তিষ্কের কার্যকারিতার জন্য বেশ উপকারী। স্ট্রবেরি ও ব্লুবেরি খাওয়া বেশ কয়েকজনের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, তাদের বয়সের তুলনায় মস্তিষ্ক বেশি ভালো কাজ করে। স্ট্রবেরিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কাজ করে।

ক্যান্সার প্রতিরোধে

বর্তমানের পৃথিবীর সবচেয়ে মারাত্মক ব্যাধি হল ক্যান্সার। কিছু ক্যান্সারের চিকিৎসা সম্ভব হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটি প্রতিকারের কোনও উপায় নেই। আর তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা ভাল। তাই খাদ্যতালিকায় রাখতে পারেন স্ট্রেবেরি। পেট ভালো রাখতে ও ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে স্ট্রেবেরির গুরুত্ব আলোচিত হয়। কারণ প্রিবায়োটিক হিসেবে স্ট্রবেরির গুরুত্ব রয়েছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কাটাতে সাহায্য করে এটি। এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমাতে স্ট্রবেরির গুরুত্ব রয়েছে।