মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন বিমানের দুই পাইলট, পেলেন শাস্তি

১৫৩ যাত্রী নিয়ে মাঝ আকাশে থাকার সময় ঘুমিয়ে পড়ার কারণে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বাতিক এয়ারের একটি বিমানের দুই পাইলট শাস্তির মুখে পড়েছেন।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাতে সিএনএন জানিয়েছে, বিমানে থাকা অবস্থায় ওই দুই পাইলট প্রায় ২৮ মিনিট ঘুমিয়েছিলেন। তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

গত ২৫ জানুয়ারি সুলাউইসি থেকে রাজধানী জাকার্তায় যাওয়ার পথে ওই ঘটনা ঘটে। সিএনএনের খবরে বলা হয়েছে, দুই পাইলটই ঘুমিয়ে পড়ায় এয়ারবাস এ৩২০ নির্দিষ্ট পথ থেকে সরে গিয়েছিল। তবে বড় কোনো বিপদ ছাড়াই সেটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে থাকা ১৫৩ আরোহীর সবাই অক্ষত ছিলেন।

ঘটনার সময় জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের সর্বশেষ ট্রান্সমিশন রেকর্ড করার পর বাতিক এয়ারের ওই ফ্লাইটের ককপিটের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে যায়। কিন্তু কোনো সাড়া মেলেনি। তাদের রেডিও ২৮ মিনিট নিশ্চুপ হয়েছিল, অর্থাৎ ওই সময়ে পাইলট ও কো-পাইলট ঘুমিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই দুই পাইলটের একজন সদ্য যমজ সন্তানের বাবা হয়েছে। তাদের যত্নে সহায়তা করতে গিয়ে তিনি ঠিকমত বিশ্রাম নিতে পারেননি। সে কারণে যাত্রা শুরু করার প্রায় আধাঘণ্টা পর পাইলট বিমানে থাকা কো-পাইলটকে সবকিছু দেখভাল করতে বলেন। কো-পাইলট বিমানের নিয়ন্ত্রণ নিতে সম্মত হয়েছিলেন। কিন্তু কো-পাইলটও ঘুমিয়ে পড়েন।

পাইলট জেগে উঠে দেখেন তার কো-পাইলটও ঘুমিয়ে আছেন এবং উড়োজাহাজটি সেটির নির্দিষ্ট পথ থেকে খানিকটা সরে গেছে। তখন তিনি জাকার্তার কন্ট্রোল রুম থেকে করা কলের জবাব দেন এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।