উটের দুধের চা পাওয়া যাচ্ছে ঢাকাতেই

বলা চলে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয় চা। বাজারে বিভিন্ন ধরনের চা মেলে। এবার ঢাকায় পাওয়া যাচ্ছে উটের দুধের চা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই চা এখন পাওয়া যাচ্ছে রাজধানীর গুলশান এলাকার ৫২ নম্বর রোডে “ব্যাচেলর এক্সপ্রেস” নামের একটি দোকানে।

তবে অন্যান্য চায়ের চেয়ে বেশ ব্যতিক্রম এই চা। উপকরণ ও প্রস্তুতকরণেও আছে ভিন্নতা। দামটাও একটু বেশি। তারপরেও ভিড় লেগে থাকে “ব্যাচেলর এক্সপ্রেস” দোকানে। ৪০০ টাকা দামের এই চা খেতে প্রতিদিন অনেকেই ভিড় করছেন বলে জানান দোকানটির স্বত্ত্বাধিকারী মাহবুব হাসান।

উটের গুড়া দুধ দিয়ে মূলত এই চা তৈরি করা হয়। দোকানটির স্বত্ত্বাধিকারী মাহবুব হাসান আগে দুবাই প্রবাসী ছিলেন। সেখানেই প্রথম এই চা খান। এরপর দেশে যখন ব্যবসা শুরু করলেন, তখন এই চা বিক্রির চিন্তা মাথায় আনেন।

এ বিষয়ে মাহবুব হা্সান সংবাদমাধ্যম ডেইল স্টারকে বলেন, “আমি দুবাইতে থাকাকালে এটা খেয়েছিলাম। তো এটা গরুর দুধের মতো না। পরে যখন দেশে আমি রেস্টুরেন্টই দিলাম তখন এটা রাখলাম। ”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ খাবার পিপাসু। নতুন কিছু পেলেই লোকজন আসে। ব্যাপক সাড়া পাচ্ছি। এটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না। তারা সবসময় তো খাবে না। তাই শখের বশে ৪০০ টাকা খুব বেশি না।”

মাহবুব জানান, দুবাইয়ের সঙ্গে তাদের ব্যবসা আছে। সেখান থেকেই আনেন এই দুধ। আগের দিন জানালে পরের দিন এই গুঁড়া দুধ তার হাতে চলে আসে বলেও জানান তিনি। প্রতি প্যাকেট উটের গুঁড়া দুধের মেয়াদ এক বছর বলে জানান এই ব্যবসায়ী।

কামাল উদ্দীন নামে এক ক্রেতা বলেন, “জীবনে অনেক রকম চা খেয়েছি। পরে যখন পত্রিকায় খবর দেখলাম উটের দুধের চা পাওয়া যাচ্ছে, তখন এটার স্বাদ নিতে আসলাম। বলা হয়েছিল এই চা নাকি ব্যতিক্রম। তো এসেও তাই-ই দেখলাম, একটু ব্যতিক্রম।”

নাসির উদ্দীন নামে আরেক ক্রেতা বলেন, “এটার স্বাদ একটু ব্যতিক্রম, ঘ্রাণটাও আলাদা। না খেলে বুঝা যাবে না।”

গুলশানের এই ক্যাফেটি খোলা থাকে বেলা ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত। এই সময়ে গেলেই পাওয়া যাবে উটের ‍দুধের চা।