ঈদে পৃথিবীর আর কোন শহর থেকে গ্রামে ফেরে কোটি কোটি মানুষ

পবিত্র রমজান মাস শেষের দিকে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (৯ এপ্রিল) শুরু হচ্ছে পবিত্র শাওয়াল মাস। দেশগুলোতে একই দিনে পালিত হবে ঈদ-উল-ফিতর। জনসংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। সেখানেও বুধবার শুরু হচ্ছে ঈদ-উল-ফিতর। দেশটির রাজধানী জাকার্তায় ১ কোটি ১০ লাখের বেশি মানুষের বসবাস। তাদের অধিকাংশই ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি বা জন্মভূমিতে ফিরে যাচ্ছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটির রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে দেখা দিয়েছে যানজট। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, গেল সপ্তাহ থেকে মানুষজন রাজধানী ছাড়তে শুরু করেছেন।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার ভোগান্তি নিয়েই শত শত কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তারা।

পরিবহন মন্ত্রণালয়ের এক জরিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ায় এবার ১৯ কোটির বেশি মানুষ ঈদ উপলক্ষে ভ্রমণ বা স্থান পরিবর্তন করবেন। যা গত বছরের তুলনায় ৫৬% বেশি।

ঈদে কোটি মানুষের শহর ত্যাগের ঘটনা শুধু যে ইন্দোনেশিয়াতেই এমনটি নয়। বাংলাদেশেও এমনটি হয়ে থাকে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে মঙ্গলবার চাঁদ না দেখা গেলে বৃহস্পতিবার ঈদ হবে বাংলাদেশে।

বাংলাদেশের নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির তথ্যমতে, এবারের ঈদ-উল-ফিতরে বৃহত্তর ঢাকার প্রায় দেড় কোটি মানুষ স্বজনদের কাছে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন। এই বিপুলসংখ্যক যাত্রীর ৬০% যাবেন সড়কপথে। বাকি ৪০% মানুষ নৌ ও রেলপথে ঢাকা ছাড়বেন।

এসব মানুষ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বসবাস করেন।