চলমান এপ্রিল মাসের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েক দফায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে জানিয়ে দেশজুড়ে চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কোনো বিশাল এলাকাজুড়ে যখন তাপপ্রবাহ হয়, তখন এরকম সতর্কবার্তা দেওয়া হয়।
এ অবস্থায় দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বৃষ্টিপাত ছাড়া গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, তীব্র গরম যে শুধু বাংলাদেশে অনুভূত হচ্ছে তা নয়। গত কয়েক দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বেশকিছু শহরে।
এসব শহরে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। চলমান এপ্রিল মাসে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এছাড়া ভারত, পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
চলুন, সংবাদমাধ্যম বিবিসি অবলম্বনে জেনে নেওয়া নেওয়া যাক দক্ষিণ এশিয়ার কোন শহরগুলোতে তাপমাত্রা এখন সর্বাধিক।
ভারত
ভারতের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওড়িশার ভুবনেশ্বরে গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই অবস্থা পশ্চিমবঙ্গেও। গত এক সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশটি আবহাওয়া দপ্তর বলছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও তাপমাত্রা ৪০ ডিগ্রি হবে আগামী তিনদিনে। গত এক সপ্তাহে ওই তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রির মধ্যে। হরিয়ানাতেও তাপমাত্রার দিল্লির কাছাকাছি রয়েছে। বিহার, পূর্ব মধ্য প্রদেশ, তামিলনাড়ু এবং পন্ডিচেরির একাধিক অঞ্চল-সহ পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
বাংলাদেশ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় প্রায় প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে। শুক্রবার (২৬ এপ্রিল) শহরটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। যশোরে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহে এই অঙ্ক ঘোরাফেরা করেছে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সৈয়দপুরে গত এক সপ্তাহে সর্বাধিক ৪০ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গেছে। ফরিদপুরে গত এক সপ্তাহে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে। এছাড়া, খুলনা বিভাগের প্রায় সবগুলো শহরেই তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর ঘোরাফেরা করছে।
পাকিস্তান
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সিন্ধ প্রদেশের একাধিক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সিন্ধের নওয়াব শাহতে গত এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি, মহেঞ্জোদারোতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। লাহোরে গত এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উষ্ণতম শহরের তালিকায় বেলুচিস্তানের তুরবত অঞ্চলে গত এক সপ্তাহে তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বেলুচিস্তানের ন্নকুন্দিতে ৩৭ ডিগ্রি এবং সিব্বিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে, চলমান এপ্রিল মাসে করাচিতেসর্বাধিক তাপমাত্রা রয়েছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত এক সপ্তাহে করাচীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
মালদ্বীপ
গত এক সপ্তাহে মালদ্বীপে সর্বাধিক তাপমাত্রা ৩৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। মালদ্বীপের আদ্দু অ্যাটলের দক্ষিণতম দ্বীপ গান-এ গত এক সপ্তাহে নথিভুক্ত করা তথ্য বলছে সেখানে সর্বাধিক তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। হিথাধুর পরে গান হলো দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। মালদ্বীপের ফুভাহমুলাহতে সর্বোচ্চ তাপমাত্রা গত এক সপ্তাহে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার কলম্বোতে এ সপ্তাহে তাপমাত্রা সর্বাধিক তাপমাত্রা রয়েছে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দেশটির ঐতিহাসিক শহর অনুরাধাপুরার বিমানবন্দর অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহে সাবারাগামুওয়া প্রদেশের রাজধানী শহর রত্নপুরায় সবচেয়ে বেশি উষ্ণতা ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীলঙ্কার মধ্যাঞ্চল প্রদেশে অবস্থিত অন্যতম বৃহত্তম শহর ক্যান্ডিতে গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ত্রিঙ্কোমালি শহরেও সর্বাধিক তাপমাত্রা চ্ছিল ৩৫ ডিগ্রি।
নেপাল
এ মাসে নেপালের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজধানী কাঠমান্ডুর গড় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হিলে গত এক সপ্তাহে কাঠমান্ডুর বাগমতি অঞ্চলের তাপমাত্রা রয়েছে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে নেপালের লুম্বিনী অঞ্চলে গত এক সপ্তাহে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, বিরাটনগর বিমানবন্দর এলাকায় গত এক সপ্তাহে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।