সুইডেনের “সেমলা” বেশ মিষ্টি ও নরম। দেখলে সাধারণ পেস্ট্রি মনে হলেও সেখানকার মানুষ সহজে সেই প্রলোভন উপেক্ষা করতে পারেন না। বিশেষ করে লেন্টের উপবাসের সময়ে তো নয়ই।
সেমলার একটা অতীত কলঙ্ক রয়েছে। সেটি নাকি এক রাজার মৃত্যুর কারণ হয়েছিল। তবে সুইডেনে কেউ আর তা নিয়ে মাথা ঘামায় না।
জানা যায়, সুইডেনের রাজা আডলফ ফ্রেডেরিক অতিরিক্ত “সেমলা” খাওয়ার কারণে মারা গিয়েছিলেন। সেটা ১৭৭১ সালের কথা। বিশাল ভোজের পর তিনি নাকি ১৪টি সেমলা খেয়েছিলেন। সে সময়ের বিশেষজ্ঞদের ধারণা, বদহজমের কারণে রাজার স্ট্রোক হয়েছিল।
প্রত্যেকটি সেমলায় গড়ে প্রায় ৫০০ ক্যালোরি থাকে। উপবাস শুরুর আগের দিনে “সেমলা দিবস” পালন করা হয়। সেই দিন স্টকহোমের বাক বেকারিতে প্রায় ২০,০০০ সেমলোর বিক্রি হয়।
পেস্ট্রি শেফ রমেশ ডিসিলভা “সেমলা” সম্পর্কে বলেন, “খুব মিষ্টি এবং খেলেই পেট ভরে যায়। তিনি (রাজা) বোধহয় সেমলার প্রেমে পড়েছিলেন। তাই এক ধাক্কায় ১৪টি খেয়ে ফেলেছিলেন। তিনি নিশ্চয়ই এখন স্বর্গেই রয়েছেন।”
তিনি আরও বলেন, “সেমলা আসলে সাধারণ বান রুটি, যার মধ্যে অনেক এলাচ রয়েছে। সুইডিশরা এলাচ ভালোবাসেন। সেমলা তৈরির প্রথম ধাপ হলো উপরের অংশ কাটা। পুর হিসেবে আমন্ড বাদামের পেস্টই সবচেয়ে জনপ্রিয়। কামড় দিলে আমন্ডের ছোট ছোট টুকরো মুখে দিলে টের পাবেন।”