ভারতের “জেন-জি”দের কাছে জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি সিরিয়াল। যদিও একটা সময় হিন্দি সিরিয়ালে বুঁদ থাকতেন তারা।
পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তার কারণে ভারতীয় জেন-জি’দের মধ্যে এখন উর্দু ভাষাও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
“হামসাফার”, “দাস্তান”-এর মতো সিরিয়ালগুলো এ জনপ্রিয়তার ভিত গড়ে দেয়। বর্তমানে ভারতের উঠতি প্রজন্ম বা জেন-জি’দের মধ্যেও পাকিস্তানি টিভি এবং ইউটিউব কনটেন্টের জনপ্রিয়তা তরতরিয়ে বাড়ছে।
কাহিনির পাশাপাশি পাকিস্তানি সিরিয়ালের ভাষার মিলও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। উর্দু এবং হিন্দি ভাষার মধ্যে মিল অনেক। সাবটাইটেল ছাড়াই ভারতীয়রা পাকিস্তানি সিরিয়াল বুঝতে পারেন।
২৬ বছর বয়সি এক ভারতীয় শিক্ষার্থী অনামিকা বলেন, “সংলাপে যেভাবে উর্দু ব্যবহার করা হয়, সেটি খুবই ভালো লাগে। তাদের সংলাপের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনি।”
পাকিস্তানি সিরিয়ালের মার্জিত ভাষার প্রশংসা করেছেন ভারতের তরুণ কমেডিয়ান ঐশ্বর্য মোহন। এক ইউটিউব লাইভে তিনি বলেন, “উর্দু ভাষায় যে আদব বা শিষ্টাচারের প্রয়োগ হয়, তা বেশ উপভোগ করেন তিনি।”
ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরিতা চললেও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরালো হয়ে উঠছে। সম্প্রতি ভারতে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা বা পাকিস্তানে ভারতীয় পাঞ্জাবি সঙ্গীতের জনপ্রিয়তা সেদিকেই ইঙ্গিত করছে।