বিয়ের আসরেই মোবাইলে লুডু খেলায় মগ্ন বর

মাথায় টোপর, পরনে জমকালো পাজামা-পাঞ্জাবি, গলায় বরমালা। সুসজ্জিত মণ্ডপে বসে আছেন বর। চলছে ধর্মীয় রীতিনীতির কাজ। তবে বরের নজর সামনের দিকে নয়, ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে ঘুরিয়ে মোবাইল ফোনে চোখ তার। না, মোবাইলে ফোনে কোনো জরুরি কিছু করছেন না তিনি। মোবাইলে ফোনে বন্ধুদের সঙ্গে লুডু খেলে চলেছেন মনের আনন্দে।

সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এটি ভারতের কোনো বিয়ের অনুষ্ঠানের ঘটনা। তবে, বিয়েটা ঠিক কোনো অঞ্চলের সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দুই বন্ধু বরকে আড়াল করে রেখেছেন। এ সময় তিনি অনলাইনে লুডু খেলায় মজে আছেন। বিয়েতে উপস্থিত একজন পুরোহিত ও একজন আলোকচিত্রীকেও ছবিতে দেখা যায়।

বরের এই কাণ্ড দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন। কেউ কেউ করেছেন সমালোচনাও।

এক্সে মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লিখেছেন, “ভাই তার নিজের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন।”

একজন ব্যবহারকারী লিখেলেছেন, “এটি বাংলার কোনো বিয়ের অনুষ্ঠান। সত্যি কথা বলতে গেলে, তাকে দোষ দেওয়া যায় না। কারণ, সেখানকার বিয়েতে মাঝেমধ্যে এমন কাণ্ড দেখা যায়।”

কিছু ব্যবহারকারী জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের তুচ্ছ কাজ করে ধর্মীয় রীতিনীতি এবং কনের প্রতি সম্মান না দেখানোয় বরের সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমি যদি কনে হতাম, আমি বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যেতাম।”

উল্লেখ্য, ভারতে গত মাসে বিয়ের মৌসুম শুরু হয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই চলবে মৌসুম।