“তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি/তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল, আজ ১২ই মে তাই সকাল থেকে/জন্মদিনের তোড়া তোড়া ফুল, তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার/তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশি উপহার/এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার, এই ১২ই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।”
আজ ১২ মে, পশ্চিমবঙ্গের গায়ক অঞ্জন দত্তের গানের অন্যতম জনপ্রিয় চরিত্র “মালা”র জন্মদিন। আজকের এই দিনে দেশের তরুণ, বা তারুণ্য পেরিয়ে যাওয়া অনেকেই মালার জন্মদিন পালন করেছেন বা করেন।
২০২৪ সালের ১১ মে ঢাকায় একটি কনসার্টে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন অঞ্জন দত্ত। ওই আয়োজনে গানে গানে “মালা”র কথা স্মরণ করার পাশাপাশি জন্মদিনও উদযাপন করেছিলেন তিনি।
কিন্তু কে এই মালা? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কত কত বছর পেরিয়ে যাওয়ার পরেও। অঞ্জন দত্তের গানের এই চরিত্র তার শ্রোতাদের কাছে এখনও ঝাপসা।
অঞ্জনের এই গানের সুর মৌলিক নয়, তা নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়। পিটার সারস্টেডের “হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি” গান থেকেই জন্ম নেয় “মালা”। মানে পিটারের গানের সুরে ভেসে এসেছিল যে চরিত্র, তার নাম “মেরি”।
সেই একই সুরের ওপর অঞ্জন দত্ত নির্মাণ করলেন “মালা”কে। এই মালা হয়তো পুরোটাই কল্পনার আশ্রয়ে তৈরি নয়- অঞ্জনের ভক্তরা নানা সময়ে দিয়েছেন নিজেদের মত।
অনেকেই হলফ করে বলেছেন, অঞ্জনের মালার পেছনে যে অবয়বটি লুকিয়ে রয়েছে, সেটা মুনমুন সেনের। এখানে দুটি যুক্তি সোজাভাবেই চলে আসে। এক- মায়ের চলাফেরা কিংবা মাকে অনুসরণ করে চলার বিষয়টি চলে আসে। আর দ্বিতীয় যুক্তিটি হলো- “দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান”।
গুঞ্জন আছে, ইমরান খানের কাছে নাকি খুব পছন্দের শহর ছিল কলকাতা। যার কারণ ছিলেন মুনমুন সেন। পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে তখন চুটিয়ে প্রেম করার গুঞ্জন রটেছিল, তবে এটি গুঞ্জনই থেকে গেছে।