মঞ্চ প্রস্তুত, সকাল থেকেই শাহবাগে দলে দলে জড়ো হচ্ছে ছাত্রদল

বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হচ্ছেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল ২টা ৩০ মিনিটের দিকে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা এই সমাবেশে ভাষণ দেবেন।

শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলো এখন ছাত্রদলকর্মীদের উপস্থিতিতে সরগরম, যার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ছাত্রদল ইতোমধ্যে শাহবাগ মোড়ে একটি বড় মঞ্চ স্থাপন করেছে এবং সমাবেশের জন্য লাউডস্পিকার বসিয়েছে।

স্থানটিতে কয়েকটি প্রজেক্টর ও বড় স্ক্রিনও বসানো হয়েছে। সমাবেশে আগতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে।

সমাবেশের মঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা/

এর আগে বুধবার ছাত্রদল কেন্দ্রীয় শহিদ মিনারে পূর্বনির্ধারিত সমাবেশটি শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, যদিও তারা শহীদ মিনারে সমাবেশের জন্য পূর্বেই অনুমতি পেয়েছিল। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, একই সময়ে ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি থাকায় তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় সম্ভাব্য যানজটের জন্য আগেই নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল সভাপতি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রদল যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে ৩ আগস্টের এই ছাত্রসমাবেশ অন্যতম প্রধান কর্মসূচি।

এটি গত বছরের গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের প্রথম বড় জনসমাবেশ। তবে প্রচলিত র‍্যালির মতো এবার কোনো মিছিল, ব্যানার বা ফেস্টুন থাকবে না। সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রদল ছয় দফা নির্দেশনা জারি করেছে।

নেতৃত্ব থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে- কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।