সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেদিনই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮ দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে তাকে কেবিনে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতাকর্মীরা।