সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ হবে ১২ মে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সকালে এই কমিশন সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিল ঘোষণার দিন জানিয়ে দেওয়া হবে ।

সিনিয়র সচিব বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে না। এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন।

সংসদ নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটের বাধ্যবাধকতা রয়েছে।

আইনে বলা আছে, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করতে হবে। নির্বাচনের সময় রয়েছে ১৪ মে পর্যন্ত। এ কারণে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। 

অন্যদিকে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থগিত থাকা শেরপুর ৩ এবং বগুড়া ৬ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।