কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন

জুলাই গণআন্দোলনে সময়ে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ায় কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেছেন, “কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টা তাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে চলে গেছেন।”

এর আগে, আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

প্রসঙ্গত, ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুইটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলা ছিল।  

ওই দিনই দুদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। জামিনের আবেদন করেছিলেন শিরীন শারমিনের আইনজীবী। তবে আদালত উভয়পক্ষের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।