ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী জানান, মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মনোনয়নপত্র গ্রহণ না করা সংক্রান্ত সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।
এর আগে, নুসরাত তাবাসসুম তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে নির্বাচন কমিশন।