অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিল ছাত্রদল

গোপালগঞ্জের কোটালীপাড়ার মাঝবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে সব হারানো কৃষক কাবুল দাড়িয়ার জমি থেকে পাকা ধান কেটে বাড়িতে তুলে দিলেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। 
 
শনিবার (৯ মে) উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মাঝবাড়ি বিলে গিয়ে কৃষক কাবুলের ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেয়। 

কৃষক কাবুল মাঝবাড়ি গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে কৃষক কাবুলের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘর বাড়ি পুড়ে যাওয়া ও জমির পাকা ধান নিয়ে কাবুল যখন চিন্তায় পড়ে যায় তখন তার পাশে এসে দাঁড়ায় উপজেলা ছাত্রদল। 

ছাত্রদলের ধান কাটা এ আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা সাইদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তপু দাড়িয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।  

কাবুল দাড়িয়া বলেন, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে আমার ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ দিকে জমিতে পাকা ধান। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এ সময় খবর পেয়ে ছাত্রদলের নেতারা আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।” 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, “এখন রোরো মৌসুমের ধান কাটার সময়। উপজেলার সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। অনেকে শ্রমিক পাচ্ছে না। তাই কোনো অসহায় পরিবার শ্রমিক না পেলে আমরা উপজেলা ছাত্রদল তার ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি।”