রাজধানীর মোহাম্মদপুরে ঈদ-উল-আযাহাকে সামনে রেখে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে ছাগলের হাট বসানোর প্রস্তুতি চলছিল। হাটের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের এক নেতা, যিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “থানা বিএনপির নেতা এনায়েতুল হাফিজ ও স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে হাট পরিচালনা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে উভয় পক্ষের সমর্থকেরা যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।“
একাধিক গোয়েন্দা সূত্র জানায়, একপক্ষে ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি এবং ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনসহ কয়েকজন নেতাকর্মী। অন্যদিকে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
ঘটনার পর কৃষি মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে এটি বাকবিতণ্ডাজনিত ঘটনা বলে জানা গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।“