এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩ জুন) দুপুরে রুহিয়া হাইস্কুল মাঠে রুহিয়াকে উপজেলা ঘোষণা করায় উপজেলা বিএনপির আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ।
ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাসের মধ্যেই সরকার প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রতিশ্রুতির একটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া ও ভুল্লীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা। ইতিমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড নির্মাণের মধ্য দিয়ে বিএনপি সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তরুণরা, যুবকরা মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে মাদকাসক্ত থেকে আমাদের রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদেরকে আগামী দিনের নেতৃত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত ৩ মাসে আমরা ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭২ কোটি টাকার উন্নয়ন সহযোগিতা করেছি।”
বক্তব্যে মির্জা ফখরুল সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন, জাপা নেতা নুরুল হক বোমবার্ড, বিএনপির জেলা সভাপতি তৈমুর রহমানসহ রুহিয়ার উন্নয়নে যারা অবদান রেখেছেন প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।