জুলাই নিয়ে নিলোফার মনির বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল সভাপতির

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিলোফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে তার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সক্রিয় সহযাত্রী এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তারা ‘মর্মাহত ও ক্ষুব্ধ’ হয়েছেন।

তিনি আরও বলেন, ছাত্রদল ওই বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করছে। একই সঙ্গে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাখা বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘‌‘এই আন্দোলনে কারা যে মেইন (প্রধান) ছিল তা কেউ জানে না। একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।’’

উপস্থাপিকার জুলাই-আগস্ট আন্দোলন ডিজাইন ছিল, কোনো ষড়যন্ত্র? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ডিজাইন তো অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।’’

এভাবে আলাপ চালিয়ে যাওয়ার এক পর্যায়ে তিনি বলেন, ‘‘আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। আমি যেহেতু দুইটা কথা বলি। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যেয়ে আর কোনো উত্তর নাই।’’