Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

পরবর্তী দুই বছরের জন্য অবৈতনিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে এ নিয়োগ অবৈতনিক হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

একইভাবে তিনি সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

প্রসঙ্গত, জাতীয় মহিলা সংস্থা দেশের নারী উন্নয়ন, ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

   

About

Popular Links

x