এমপি নজরুলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। 

তিনি বলেন, “গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’’ 

বিবৃতিতে বলা হয়, “সাংসদের বিষয়ে আরো খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

এর আগে, সোমবার (২০ জুলাই) রাতে একটি ভিডিও বেশ আলোচিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা মুখে পড়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নজরুল ইসলাম। 

পরে ভিডিওটিকে এআই দিয়ে বানানো বলে জামায়াতের নেতাকর্মীরা দাবি করেন। যদিও গাজী নজরুল ইসলাম ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।