রাজধানীতে বিএনপি নেতাকে পেছন থেকে ছুরিকাঘাত

রাজধানীর কদমতলীর মাতুয়াইল এলাকায় শামসুদ্দিন খান (৬০) নামে বিএনপির এক স্থানীয় নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শান্ত আহমেদ জানান, দুপুরে কয়েকজন বন্ধু মিলে চা পান করার সময় হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা শামসুদ্দিন খানকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত শামসুদ্দিন তাদের জানিয়েছেন, রাকিব নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেছেন।

আহতের ভাই আজিমউদ্দিন খান জানান, শামসুদ্দিন খান মাতুয়াইল মাতৃসদন ইউনিট বিএনপির সভাপতি এবং শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর মেডিকেল রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে রাকিব তাঁকে ছুরিকাঘাত করেন।

আজিমউদ্দিনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামিম ওরফে “পেটকাটা শামিম” এর সঙ্গে তার ভাইয়ের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে ইমরান, রাকিবসহ কয়েকজন মিলে এ হামলা চালিয়েছেন বলে তিনি দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কদমতলী এলাকা থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঘটনার বিষয়ে কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে।

প্রসঙ্গত, হামলার ঘটনায় রাজনৈতিক বিরোধের অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি।