ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে, এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিটি ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্থলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে তার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এ ব্যাপারে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, “ওবায়দুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির একটি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”



