‘আজ থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো’

সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঘটনাটি নিয়ে আর কোনো প্রতিবাদ বা বক্তব্য দেবেন না তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তা তিনি চুপ থেকে পর্যবেক্ষণ করবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার খবর পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা চালিয়ে সেখানে গাড়ি ভাঙচুর করেছে। আমাকে যখন হামলা করা হয়েছিল, তখন তারা একটা অযৌক্তিক অজুহাত দিয়েছিল যে আমি কথা বলি বলেই নাকি এই হামলা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে আর কোনো কথা বলবো না, একেবারে চুপ থাকবো। পুরো বাংলাদেশে উনারা কতটুকু বাড়তে পারেন, কতদূর যেতে পারেন, আমরা এবার সেই মাত্রাটাই দেখবো।”

পূর্ববর্তী সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হবিগঞ্জের সহিংস ঘটনার পর আমরা গতকাল রাতে মামলা দায়ের করেছি। স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে যে কীভাবে আমাদের লোকজনের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে নেওয়া হয়েছে।” তবে মামলার এজাহারে কিছুটা সংশোধনী আনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এমন একজনের নাম ঢুকে পড়েছিল যাকে ভিডিও ফুটেজে দেখা যায়নি।

বিচারহীনতার সংস্কৃতির অবসানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে সুবিচার প্রতিষ্ঠা করবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত আহ্বান, ইন্টারমিডিয়েটে পড়া যে নিরীহ ছেলেটির চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, যার বাবা অসুস্থ এবং মা প্রতিবন্ধী, বর্তমানে সে অপারেশন থিয়েটারে কাতরাচ্ছে; আপনি কি পারবেন তার এই চোখটা ফিরিয়ে দিতে?”

হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো সংঘাত ও সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমাদের স্পষ্ট বার্তা, প্রিয় তারেক রহমান, আপনি আলিফের চোখটা ফিরিয়ে দিন। তাহলে আমরা চিরতরে চুপ হয়ে যাবো, আর কিছুই বলবো না। আপনি আপনার মতো ক্ষমতা পরিচালনা করুন, আমরা কেবল আমাদের আলিফের সুস্থ চোখটি ফেরত চাই।”