রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রবিবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে বেইলি রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠকের পর জোটের নেতা, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা ১১ দল রাষ্ট্রপতি নিবাচনে অংশ নেব।”
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বৈঠকের পর জামায়াতের ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামে জন্ম নেওয়া অলি আহমদ ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ২৫ মার্চ মধ্যরাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে পুনরায় সংগঠিত হওয়ার পর নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল পদে উন্নীত হয়ে অবসর নেন। পরে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বাংলাদেশের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) এর প্রেসিডেন্ট।