সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি সরকারি উদ্যোগে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন নির্মাণসংক্রান্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে চান্দাইকোনা এলাকায় টিটিসি স্থাপনের কথা উল্লেখ ছিল। এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়ায় এবং আরেকটি অংশ চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে পৃথকভাবে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।
এই প্রেক্ষাপটে ধানগড়ায় টিটিসি স্থাপনের দাবিদার পক্ষের সঙ্গে বৈঠকে বসেন এমপি আয়নুল হক। বৈঠকের একপর্যায়ে পক্ষে-বিপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। এরপর এমপি নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল ছোড়া হয়, যাতে গাড়ির পেছনের গ্লাস ও একটি ক্যামেরা ভেঙে যায়।
ঘটনার পরপরই এমপি আয়নুল হক একটি ভিডিও বার্তা দিয়ে দাবি করেন, টিটিসি ভবন স্থাপন নিয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হট্টগোল সৃষ্টি করেন এবং তিনি চলে আসার সময় তারাই গাড়িতে হামলা চালান। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি, পাশাপাশি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানেই টিটিসি ভবন নির্মাণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি বা কাউকে আটক করা যায়নি।”