টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা দল থেকে বহিষ্কার

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় যুবদল নেতা হাসান আলীকে (৩৭) দল বহিষ্কার করা হয়েছে। তিনি গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জুলাই যোদ্ধা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা এবং সদস্য সচিব রুবেল মণ্ডল স্বাক্ষরিত বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজের জন্য হাসান আলীকে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রত্যেকজনের কাছ থেকে ১৫০টি করে ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। রাতে মামলার দায়েরের পর বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, “এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়। মামলার পর বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠনো হয়েছে।”