ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠান করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ। তারা দুইজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।
শুক্রবার বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে।তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে।
ঘটনা সম্পর্কে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।