বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, “সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।