বগুড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মিজানুর রহমান মিজান জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে “ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের” সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, দলের কোনো নেতাকর্মী সাংগঠনিকভাবে মিজানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, অভিযোগ ওঠার পর প্রথমে মিজানুর রহমান মিজানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। এর ভিত্তিতেই কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।