চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য জাকের হোসেন চৌধুরী বাচ্চু বলেছেন, “আমি সরকারি দলের সদস্য। আমার লাইসেন্সধারী সরকারি গুন্ডা আছে।” তিনি দাবি করেন, পুঁইছড়ি একসময় ডাকাতদের অভয়ারণ্য ছিল।
সোমবার (৩০ মে) রাতে ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। তার এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
৪০ সেকেন্ডের ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চুকে বলতে দেখা যায়, “আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। এরা লাইসেন্সধারী। এরা কি ওদের (প্রতিদ্বন্দ্বী প্রার্থীর) কাজ করবে? নাকি আমি নির্দেশ দিলে তারা আমার কাজ করবে?”
তিনি আরও বলেন, “ওনাদের (বিরোধীপক্ষ) এত হুমকি-ধামকিতে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো আপনারা জানেন। আপনারা ভালোই জানেন, এই এলাকায়, এই প্রেম বাজার এক সময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতরা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়ার খেলা দিত। এরা আওয়ামী লীগ নামধারী।”
আগামী ১৫ জুন অনুষ্ঠিত পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে বক্তব্যের ওই অংশটুকু “মুখ ফসকে বেরিয়ে গেছ “ উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু বলেন, “আমাদের বিদ্রোহী প্রার্থীরা আগ্নেয়াস্ত্র ও গুন্ডা দিয়ে হুমকি দিয়েছিল। কিন্তু আমাদের ক্ষমতা আছে বলে হুমকি দেওয়ার সক্ষমতা আছে। তবে, ‘সরকারি গুন্ডা’ শব্দটি ভুলবশত ব্যবহার করা হয়েছিল।”
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল মাহমুদ বলেন, “এমন বক্তব্য এখনও শুনিনি। আমার কাছে কেউ অভিযোগ নিয়েও আসেনি। বক্তব্য শুনে আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে।”